২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৩ পরীক্ষার্থীর চলতি বছরের পরীক্ষা বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। অবশ্য এসব শিক্ষার্থীরা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত একটি সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনায় ১০ জেলা থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পর্যবেক্ষকদের প্রতিবেদন, বহিষ্কার করা পরীক্ষার্থীদের জবাব ইত্যাদি কমিটির সদস্যরা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন অনুযায়ী তাদের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ মোতাবেক তাদের পরীক্ষা বাতিলের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।


























