ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, হাই-টেক পার্কগুলোতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্টার্টআপ কোম্পানি গড়ে তোলা হবে। সম্ভাবনাময় আইসিটি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর উপজেলার সাথীর মোড়ে ৭০০ মিটার সড়ক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার গঠনের পর আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিন থেকেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি ও কৃষক কার্ড প্রদান, খালকাটাসহ সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কোনো রকম চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করা হবে না। দেশ ও জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সরকার সামনের দিনে পথ চলবে।
ফকির মাহবুব আনাম স্বপন আরও বলেন, আমি মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিতে রাখতে চাই। একটি নিরাপদ শহর হিসেবে গড়তে চাই। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় কোনো রকম চাঁদাবাজি, সন্ত্রাসী হবে না। দখলবাজি হবে না। অল আর জিরো টলারেন্স। আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে উন্নয়ন দিতে চাই।’ তিনি বলেন, এর ধারাবাহিকতায় মধুপুরের সাথী মোড় থেকে ৭০০ মিটার সড়ক নির্মাণকাজ উদ্বোধন করা হলো। এর মাধ্যমে শহরের প্রাণকেন্দ্রে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হব।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সম্পাদক মো. নাসির ইদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।











