আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি তার সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে ইসলামিক এমিরেটের বাহিনীও যথাযথ ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে সক্ষম। তিনি বলেন, ‘আমাদের হাত তাদের (পাকিস্তানের) গলা পর্যন্ত পৌঁছাতে পারে’।
সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে তালেবান দাবি করেছে, আফগান সামরিক শক্তি প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে কঠোর জবাব দেওয়া হবে।
অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া অভিযানে ৪০০ আফগান সেনা আহত হয়েছেন। এছাড়া ৭৩টি চৌকি ধ্বংস ও ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলা হয়েছে।
এই তথ্যগুলো জানিয়েছেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি আরও দাবি করেন, অভিযানে আফগান বাহিনীর অন্তত ১১৫টি সাঁজোয়া যান ও কামান ধ্বংস করা হয়েছে।
তবে উভয় পক্ষের দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সীমান্ত পরিস্থিতি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

























