ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরেও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিল এ দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আদেশে জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সচিবালয়ের অধীন মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারী—রাজস্ব ও আউটসোর্সিং উভয় শ্রেণির—সরকারি সাপ্তাহিক ছুটির দিন এবং অফিস সময়ের পরও কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।
কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা
আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। এ নির্দেশনা সচিবালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের চালক এবং দৈনিকভিত্তিক নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এছাড়া ইসি সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরে নিরাপত্তা ও প্রটোকল দায়িত্বে থাকা বাহিনীগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্বে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।




















