নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে এনআইডি সংশোধনের সময় ৩০০ টাকা অবৈধ লেনদেন করার এবং সেই তথ্য গোপন রাখতে ২৯ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত প্রজ্ঞাপন ইতোমধ্যেই জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় সুধাংশু কুমার সাহা অবৈধভাবে অর্থ গ্রহণ করেন। ওই সময় গণমাধ্যমকর্মীরা তার ভিডিও ধারণ করলে সেটি প্রকাশ না করার জন্য তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে ঘুষ দেন।
এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা (নম্বর-০৪/২০২৫) দায়ের করা হয়। মামলার পরে বিভাগীয় তদন্তে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ইসি সচিবালয়ের আইডিইএ ২য় পর্যায় প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. ফরিদুল ইসলাম।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও তার জবাব সন্তোষজনক হয়নি। পরবর্তী পরামর্শ ও রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(গ) অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এ সিদ্ধান্ত ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
এর আগে ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মাহফুজুর রহমানকেও রবখাস্ত করা হয়েছিল।




















