ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এক বার্তায় তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর বিষয়টি জানান মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হ্যান্ডলে তিনি একটি পোস্ট দেন।
পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়। শুক্রবার নির্বাচন কমিশন ৩০০ আসনের মধ্যে ২৯৭টির আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। কমিশন জানিয়েছে, এ দুই আসনের ফলাফল পরে প্রকাশ করা হবে। এছাড়া শেরপুর–৩ আসনে ভোটগ্রহণ হয়নি।
ঘোষিত ২৯৭ আসনের ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।






















