দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রাপ্ত সাড়ে ছয় লাখের বেশি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে নির্বাচন কমিশন।
ইসি জানায়, অ্যাপভিত্তিক এই ব্যবস্থার আওতায় ডাক বিভাগের মাধ্যমে পাঠানো অধিকাংশ ব্যালট ইতোমধ্যে ভোটারদের হাতে পৌঁছেছে। তাদের মধ্যে বেশিরভাগ ভোটার ভোট প্রদান করে ব্যালট পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। জমা দেওয়া ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছেও পৌঁছেছে।
ডাক বিভাগের মাধ্যমে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট ভোটারদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৮১ হাজার ৮১৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ব্যালট গ্রহণকারীদের মধ্যে ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন ভোটার ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৬ লাখ ৬৯ হাজার ৯৫০ জন ভোটার ব্যালট পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। ডাকযোগে পাঠানো এসব ব্যালটের মধ্যে ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ইতিমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, অ্যাপভিত্তিক এই পোস্টাল ভোট ব্যবস্থা দেশের ভেতরে অবস্থানরত এমন ভোটারদের জন্য একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে, যাঁরা সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না।



















