আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৪৮ ঘণ্টা চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ভোটারদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে ১১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ নির্বাহী আদেশ কার্যকর থাকবে।
এই নির্দেশনা চট্টগ্রাম বন্দরের মূল এলাকা ছাড়াও পানগাঁও আইসিটি (ICT) এবং ঢাকা আইসিডি (ICD)–এর সকল অপারেশনাল কর্মস্থলের জন্য প্রযোজ্য হবে।
তবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কার্যক্রম সচল রাখতে বিশেষ কিছু ব্যবস্থা রাখা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, খাদ্যদ্রব্য, ত্রাণসামগ্রী ও অন্যান্য অতি জরুরি পণ্য খালাসের ক্ষেত্রে শুল্ক বিভাগ ও বন্দর কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এবং বিধি অনুযায়ী অতিরিক্ত মাশুল (চার্জ) প্রদান করে জাহাজ বা লাইটারে পণ্য হ্যান্ডলিং কার্যক্রম চালানো যাবে।
এক্ষেত্রে সংশ্লিষ্টদের পূর্বেই পরিচালক (ট্রাফিক) বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে।
বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও ট্রাফিক বিভাগ সচল রাখতে পানগাঁও আইসিটি ও ঢাকা আইসিডিতে পর্যাপ্ত জনবল ও বুকিংয়ের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আমদানি-রফতানি ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদিত ব্যাংকসমূহ—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ওয়ান ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংক শাখা, কাস্টমস হাউসের সংশ্লিষ্ট বিভাগ এবং সকল প্রাইভেট ডিপো প্রয়োজনীয় জনবল নিয়োজিত রেখে খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে।

























