পাকিস্তানের ইসলামাবাদে শুক্রবার জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
ডন জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, রক্তাক্ত মৃতদেহ কার্পেট মোড়ানো মেঝেতে পড়ে আছে, কাঁচের টুকরো, ধ্বংসাবশেষ এবং আতঙ্কিত মুসল্লিরা। ইমামবাড়ার বাইরের বাগানে আরও অনেক আহত ব্যক্তি পড়ে আছেন। এদিকে লোকেরা সাহায্যের জন্য চিৎকার করছে।
ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ বলেন, ‘বিস্ফোরণের প্রকৃতি এখনও নির্ধারণ করা যায়নি। এটি আত্মঘাতী নাকি পুঁতে রাখা বোমা ছিল, ফরেনসিক দলগুলো তা নির্ধারণ করবে। ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে এরইমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’
তকি জাওয়াদ আরও বলেন, ‘প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগগুলো সক্রিয় করা হয়েছে। আহতদের পিআইএমএস অ্যান্ড পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’
























