বন্দরে তীব্র শৈত্যপ্রবাহ: অসহায়দের কম্বল দিলেন সমাজকর্মী শান্তনা আক্তার
- Update Time : ০৫:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ১৪ Time View
নিজস্ব প্রতিবেদক |
সারা দেশের ন্যায় বন্দরেও জেঁকে বসেছে তীব্র শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় যখন বিপর্যস্ত নিম্নআয়ের মানুষের জীবন, ঠিক তখনই মানবিকতার উষ্ণতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী শান্তনা আক্তার শান্তা।
শনিবার (৩ জানুয়ারি) এলাকার হতদরিদ্র ও শীতবস্ত্রহীন নারী-পুরুষের মাঝে নিজ উদ্যোগে কম্বল বিতরণ করেন তিনি।
দীর্ঘদিন ধরে এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের অধিকার রক্ষায় কাজ করে আসা শান্তনা আক্তার শান্তা এবারও শীতার্তদের মুখে হাসি ফোটালেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তিনি কেবল শীতবস্ত্র বিতরণই নয়, বরং বছরজুড়ে দরিদ্র মানুষের যেকোনো প্রয়োজনে সবার আগে এগিয়ে আসেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও শান্তার পিতা মোঃ নাসির উদ্দিন, বিশিষ্ট শিল্পী মিতু মোরশেদ, প্রবীণ সাংবাদিক ফিরোজ খান, সাংবাদিক পলাশ মাহবুব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মহল্লাবাসী এই কার্যক্রমে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “তীব্র শীতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি যখন সমাজের সচেতন ও মানবিক মানুষরা এভাবে এগিয়ে আসেন, তখনই অসহায় মানুষের কষ্ট লাঘব হয়। শান্তনা আক্তার শান্তার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” বক্তারা সমাজের অন্যান্য বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
নিজের অনুভূতির কথা জানিয়ে শান্তনা আক্তার শান্তা বলেন, “এই হাড়কাঁপানো শীতে কেউ যেন কষ্টে না থাকে—সেই লক্ষ্য থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল কাজ, আর এটাই আমাকে প্রকৃত শান্তি দেয়।”
শৈত্যপ্রবাহের এই কঠিন সময়ে এমন মানবিক উদ্যোগ বন্দরে সহমর্মিতা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

























