চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় হার এটি। এর আগে কখনো ৫০ বা তার বেশি রানে হারেনি দলটি।
ভারতের এমন বাজে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপের সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টসের একটি বিজ্ঞাপন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে স্টার স্পোর্টসের এক্স অ্যাকাউন্টে প্রমো বিজ্ঞাপনটি ডিলিট করা হয়েছে।

মূলত ভারতের ম্যাচ সামনে রেখে স্টার স্পোর্টস প্রায়ই প্রমো ভিডিও প্রকাশ করে। তারই অংশ হিসেবে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কয়েক দিন আগে তেমনই একটি প্রমো প্রকাশ করা হয়। একটি ক্যাফেতে চিত্রায়িত সেই বিজ্ঞাপনে দেখা যায়, ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই সমর্থক টেবিলের শেষ কাপকেকটি তুলে নিতে এগিয়ে যাচ্ছিলেন, যা দ্রুত এগিয়ে হাতে তুলে নেন দক্ষিণ আফ্রিকান সমর্থক।
এ সময় ভারতীয় সমর্থক তাকে ২০২৪ বিশ্বকাপের ফাইনালে হারের কথা মনে করিয়ে দিয়ে বিদ্রূপ করেন। এমনকি বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ‘চোকার’ দুর্নাম নিয়েও ট্রল করা হয় সেই ভিডিওতে।
বিজ্ঞাপনটি প্রকাশের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ডাকনাম ‘কাপকেক’। স্টার স্পোর্টসের ‘কাপকেক’ নিয়ে রসিকতা দেশটির সমর্থকেরা ভালোভাবে নেননি। তাদের পাশাপাশি অনেক ভারতীয়ও এক্স পোস্টে স্টার স্পোর্টসের প্রমোটির সমালোচনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কাপকেকগেট হ্যাশটেগ দিয়ে অনেকে প্রশ্ন তোলেন, ভিউ বা হাইপ বাড়ানোর জন্য প্রতিপক্ষকে সম্মান জানানোর নূন্যতম সৌজন্যবোধ কি হারিয়ে ফেলেছে স্টার স্পোর্টস?
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ‘কাপকেক বিজ্ঞাপন’ এখন ভারতের জন্য দুঃস্বপ্ন বলে উল্লেখ করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। পরিস্থিতি বেগতিক দেখে স্টার স্পোর্টস তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডিলিট করে দেয়। তবে তাতেও থামেনি ব্যঙ্গ-বিদ্রূপ। দক্ষিণ আফ্রিকান অভিনেতা ও ইনফ্লুয়েন্সার থানজা ভুর একটি পাল্টা ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, তিনি বেশ তৃপ্তি নিয়ে একটি কাপকেক খাচ্ছেন, পাশে স্ক্রিনে ভারতের হারের স্কোরকার্ডটি জ্বলজ্বল করছে। ক্যাপশনে লেখা— ‘সো সুইট!’

























