মধ্যপ্রাচ্যের অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর অঞ্চল জুড়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। আর সেই প্রভাবেই ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়াঙ্গনের সূচি ওলট-পালট হয়ে গেছে।
ফুটবলে প্রথম বড় সিদ্ধান্ত নেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন। এএফসি জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট জোনের রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলো আপাতত হচ্ছে না। একই সঙ্গে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি পরে ঘোষণা করা হবে। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচ রয়েছে। সেটিও অনিশ্চয়তায়।

ইরানের ঘরোয়া পার্সিয়ান গালফ প্রো লিগের কিছু ম্যাচ স্থগিত করা হয়েছে। কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার পর সে দেশে কাতার স্টারস লিগের ম্যাচ বাতিল হয়েছে। লিভারপুলের অ্যাম্বাসেডর হিসেবে তিন সপ্তাহ আগে আবুধাবিতে যাওয়া গ্রায়েম সোনেস বিমানবন্দরে আটকে পড়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, যুক্তরাজ্যে ফেরার ফ্লাইট বাতিল হয়েছে। এখনও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ক্রিকেটেও প্রভাব স্পষ্ট। ভারত ও শ্রীলঙ্কায় চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও ভ্রমণ সংকট বড় উদ্বেগ হয়ে উঠেছে। আইসিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি টুর্নামেন্ট পরিচালনায় তাৎক্ষণিক প্রভাব ফেলছে না। তবে বিপুলসংখ্যক খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারকর্মী ও ইভেন্ট-সংশ্লিষ্টরা গালফ অঞ্চলের বিমানবন্দর, বিশেষ করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নিজ দেশে ফেরেন। সংস্থাটি জানিয়েছে, জরুরি বিকল্প পরিকল্পনা সক্রিয় করা হয়েছে।

এরই মধ্যে আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্স ও পাকিস্তান শাহিনসের ওয়ানডে ম্যাচ বাতিল করা হয়েছে। দুই দলই দুবাইয়ে আটকা পড়েছে। লায়ন্সের কোচিং স্টাফে থাকা ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে তিনি দলের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা চেয়েছেন। ১৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। সাম্প্রতিক উত্তেজনার কারণে সিরিজ আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

























