মাদারীপুরে ঘরে ঢুকে জাহিদ শেখ (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনা অভিযোগ উঠেছে। এই ঘটনা শেষে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কুনিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ একই এলাকার জবেদ শেখের ছেলে।
অভিযুক্ত সজিব শেখ আব্দুল্লাহ রাজৈর উপজেলার বাজিতপুরের মাচ্চর গ্রামের মোস্তফা শেখের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনরা অভিযোগ করেন, দুপুরে নিজ ঘরে কাজ করছিলেন ইলেকট্রিক মিস্ত্রি জাহিদ শেখ। এ সময় হঠাৎ সজিব শেখ নামে এক যুবক তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই জাহিদকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সজিবকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
নিহতের আত্মীয় মীর জামাল সরদার বলেন, কী কারণে জাহিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেটা সম্পর্কে আমরা জানি না। আমরা এই হত্যাকাণ্ডের জড়িতের বিচার চাই।
নিহত জাহিদের মামা মোয়াজ্জেম মাতুব্বর বলেন, ঘরে কাজ করা অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে ভাগ্নে জাহিদকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক সজিব শেখ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

























