পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) কার্যক্রম পরিচালনা করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোজায় টিসিবির নিয়মিত পণ্যের পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। একই সঙ্গে ট্রাক সেলের পাশাপাশি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমেও পণ্য সরবরাহ অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে টিসিবি। বিবৃতিতে বলা হয়, বর্তমানে সারা দেশে ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় রমজান মাসে ট্রাক সেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।
টিসিবির এক কর্মকর্তা জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে। এর আগের দিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে। অন্যদিকে সারা দেশে এখন পর্যন্ত ৬৬ লাখ স্মার্ট পরিবার কার্ড সক্রিয় রয়েছে। তারাও রোজার মাসে টিসিবির পণ্য কিনতে পারবে।
যেকোনো ব্যক্তি ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য কিনতে পারবেন। রমজান মাসের ট্রাক সেলে পণ্য বিক্রির পরিমাণ ও মূল্য বিক্রয় কার্যক্রম শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে।
টিসিবি সূত্রে জানা গেছে, প্রাপ্তবয়স্ক যেকোনো ব্যক্তি লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। গত বছর রমজান মাসে এসব পণ্যের পাশাপাশি টিসিবি দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুরও বিক্রি করেছিল।

























