একটা প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে। তবে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু সংখ্যক এখনও আছে, সেগুলো উদ্ধার অব্যাহত আছে। তবে নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না- এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, পোস্টাল ব্যালট সিস্টেম নতুন। তাই এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তবে এ বিষয়ে কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশনের ওপর প্রশ্ন আছে, এমন কাজ কখনও করা হবে না। সে ব্যাপারে আমরা সর্তক রয়েছি।
নীলফামারী জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপিরচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির।




















