শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের যাত্রী ও মালবাহী ফেরি সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চলাচল শুরু করেছে।
রোববার (২১ ডিসেম্বর) রাতে ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, রোববার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।

























