৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির কারণে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাইফুজ্জামান বর্তমানে লালমনিরহাট গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী হিসেবে কাজ করেছেন।
বুধবার সন্ধ্যায় এ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত থাকার সময়ে সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে ডিপিপি বা আরডিপিপি বা হোপের অনুমোদন ছাড়াই বিধিবিহির্ভূতভাবে একটি প্যাকেজকে আটটি প্যাকেজ বানিয়ে ইজিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করে তিনি ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা খরচ করেন।
তবে আটটি প্যাকেজের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া বিলের বিপরীতে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬৩১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে কাজ ছাড়াই। সাময়িক বরখাস্তের হওয়ায় তিনি এখন বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।




















