ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ও অলরাউন্ডার বেন স্টোকস ক্রিকেট বলের আঘাতে মুখে গুরুতর চোট পেয়েছেন। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে তিনি নিজেই পরিস্থিতি শেয়ার করেছেন।
৩৪ বছর বয়সী স্টোকস ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা গেছে তার ডান চোখ কালো হয়ে ফুলে গেছে। গাল, ঠোঁট ও নাকে ক্ষত ও ব্যান্ডেজও রয়েছে। ছবির ক্যাপশনে স্টোকস মজা করে লিখেছেন, “ক্রিকেট বলটার কী অবস্থা হয়েছে সেটা আপনার দেখা উচিত,” সাথে একটি হাসির ইমোজি দিয়েছেন।
স্টোকস সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে খেলেছিলেন। ৪-১ ব্যবধানে ইংল্যান্ড বিধ্বস্ত হওয়ায় সিরিজের শেষ টেস্টে সিডনিতে কুঁচকির চোট পান। এই কারণে দ্বিতীয় ইনিংসে তিনি বল করতে পারেননি। পুরো সিরিজে বল হাতে ভালো ছন্দে থাকলেও ব্যাটিংয়ে বড় মাপে ভুগেছেন স্টোকস।
অ্যাশেজে ভরাডুবির পর ইংল্যান্ডে অধিনায়কত্ব নিয়ে আলোচনা শুরু হলেও স্টোকস লাল বলের ক্রিকেটে নেতৃত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পর্যালোচনার মুখে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। কোচ ব্রেন্ডন ম্যাককালাম হারের পরবর্তী সমালোচনার কিছু অংশকে “অসংগত” বলে মন্তব্য করেছেন।
সাদা বলের ক্রিকেটে নিয়মিত নন স্টোকস। ফলে চলতি সপ্তাহে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে দেখা যাবে না।
স্টোকস আগামী ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম শুরু করবেন। এই দিন তার ৩৫তম জন্মদিনও। সুস্থ হয়ে উঠলে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুর দিকে ডারহামের হয়ে মাঠে নামতে পারেন।
স্টোকসের চোট যেন তার পিছু ছাড়ছে না। ২০২৪ সালে তিনি দুইবার হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। ২০২৩ সালের শেষ দিকে হাঁটুর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে মাঠে ফিরলেও কাঁধের সমস্যার কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলতে পারেননি।
২০২৭ পর্যন্ত ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে পূর্ণ মনোযোগ দিতে আগামী মাসের ‘দ্য হান্ড্রেড’-এর নিলাম থেকে নিজেকে সরিয়ে রাখার সম্ভাবনা রয়েছে।


























