অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী–স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুন ২০২৪ তারিখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর আর্থিক সম্পদের পরিমাণ ছিল ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩৩ টাকা। নন–ফাইনান্সিয়াল সম্পদ ছিল ২০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা এবং বাংলাদেশের বাইরে অবস্থিত সম্পদের পরিমাণ ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা। সে সময় তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা।
এক বছর পর, ৩০ জুন ২০২৫ তারিখে তার আর্থিক সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা। নন–ফাইনান্সিয়াল সম্পদ ছিল ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকা এবং বিদেশে অবস্থিত সম্পদ ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা। এ সময় মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী ও মেয়াদি আমানতে বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারের কারণে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
এর আগে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
নির্বাচনের আগে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে উপদেষ্টাদের সম্পদ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এলো।























