ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট দিতে বাড়ি ফিরছে মানুষ। মঙ্গলবার অধিকাংশ মানুষ ঢাকা ছাড়লেও আজ বুধবারও অনেকে বাড়ির পথে পাড়ি জমাচ্ছেন। তবে সড়কে যানজট কম থাকলেও পরিবহনখাতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন অনেকেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বাসের চাপে কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত দীর্ঘ জটলা তৈরি হয়েছে। মোড়ে মোড়ে বাস থামিয়ে যাত্রী উঠানো হচ্ছে। দরদাম হেঁকে যাত্রী তুলছেন বাসের হেলপাররা।
যাত্রীরা জানাচ্ছেন, তারা বিভিন্ন কাউন্টার ঘুরছেন। বাস আছে। কিন্তু ভাড়া বেশি চাচ্ছে। ৪০০ থেকে ৪৫০ টাকার বাস ভাড়া এখন ৫০০-৫৫০ টাকা চাচ্ছে। তবে কাউন্টারের কর্মী ও বাসের চালকরা বেশি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করছেন।
শ্যামলী পরিহবনের টিকিট বিক্রেতা বিল্লাল হোসেন জানান, উত্তরবঙ্গের যাত্রী কম। এখন যে বাস যাবে, এরপরে বিকেল পাঁচটায় বাস রয়েছে। সেটিও যাবে কি না ঠিক নেই। কারণ যাত্রী নেই। যারা যাওয়ার তারা আগেই চলে গেছেন। বেশি ভাড়া নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বেশি ভাড়া কেউ নিচ্ছে না। যা ভাড়া তাই নেওয়া হচ্ছে।



















