বন্দরে বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ ব্যাংকারের ইন্তেকাল: জানাজায় মুসল্লিদের ঢল
- Update Time : ১১:৫১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪০ Time View
নারায়ণগঞ্জ বন্দরের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও উত্তরা ব্যাংকের সাবেক কর্মকর্তা নূর মোহাম্মদ (ব্যাংকার) আর নেই। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বন্দরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
বাদ জোহর বন্দরের হাফেজীবাগ মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে হাফেজীবাগ কবরস্থানে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় সমাহিত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে তিনি, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তার সুস্থতা কামনায় দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে বাসায় ফেরার পর আজ সকালে তিনি ইন্তেকাল করেন।
নূর মোহাম্মদ কেবল একজন ব্যাংক কর্মকর্তাই ছিলেন না, বরং বন্দরের শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার অনবদ্য অবদান রয়েছে। তিনি ছিলেন বিএম স্কুল এন্ড কলেজের তিন মেয়াদের নির্বাচিত সদস্য, সিকদার আ: মালেক উচ্চ বিদ্যালয় ও বন্দর ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক সদস্য, শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য,আবাবিল যুব সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বন্দরের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

























