রাজধানীর হাতিরঝিল এলাকায় আনসারের এক দলনেতার বিরুদ্ধে অর্থের বিনিময়ে ৩৩০ জনকে ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে যুক্ত করেন। পরে দায়িত্ব দেওয়ার কথা বলে জনপ্রতি আরও ১ হাজার ১০০ টাকা করে উৎকোচ নেওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি উদ্ঘাটনের পর সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত মামুন বর্তমানে পলাতক; তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন প্রশিক্ষণবিহীন ব্যক্তি নির্বাচনী দায়িত্ব পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তাদেরও দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।
রাজধানীর গুলশান থানার ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মত শাহনাজ সুলতানা এবং ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী সামসুন্নাহারের বিরুদ্ধেও একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাঁদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভুয়া আনসার সদস্যরা যাতে কোনোভাবেই নির্বাচনী ডিউটিতে অংশ নিতে না পারেন, সে বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বৈঠক অনুষ্ঠিত হয়।
ডিবির এক এডিসি পর্যায়ের কর্মকর্তা জানান, ভুয়া আনসার সন্দেহে কয়েকজনকে বিভিন্ন কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করে প্রয়োজনীয় সতর্কতা জোরদার করা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে ৫ লাখ ৭৬ হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছে। ভোটাধিকার সুরক্ষায় তারা পূর্ণ প্রস্তুত রয়েছে। আগামীকাল মাঠে থাকবে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম।



















