পাবনার চাটমোহরের একটি ভোটকেন্দ্রে রাতে জামায়াত নেতাদের প্রবেশের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তা হলেন- উপজেলা খাদ্য পরিদর্শক মো. রুহুল আমিন। তিনি উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আশরাফ জিন্দামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিমাইচড়া ইউনিয়নের সমাজ মিয়াপাড়ার ক্বারি জালাল উদ্দিনের ছেলে ও ছাত্রশিবির পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান (জামান) এবং বলজপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে মো. মোখলেছুর রহমানসহ জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তারা প্রিজাইডিং কর্মকর্তা রুহুল আমিনের সঙ্গে সাক্ষাৎ করে এজেন্টসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন বলে জানা গেছে।
এ সময় বিষয়টি নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে জানাজানি হলে তারা ভোটকেন্দ্রে উপস্থিত হন। পরে তাৎক্ষণিকভাবে ঘটনাটি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মুসা নাসের চৌধুরী এবং স্থানীয় সাংবাদিকদের অবহিত করা হয়।
পরবর্তীতে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার নির্দেশে প্রিজাইডিং কর্মকর্তা রুহুল আমিনকে প্রত্যাহার করা হয়। তার স্থলে ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে চাটমোহর উপজেলার সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চাটমোহর পৌর সদরের চারটি ভোটকেন্দ্র পরিদর্শনে ভোটার উপস্থিতি সন্তোষজনক দেখা গেছে।

























