আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক ব্যবহার হবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করবে জাতীয় সংসদের সরকারি দল।
রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান রাখা বা বাতিলের বিষয়টি তাদের ওপরেই নির্ভর করছে । এমনকি এই সিদ্ধান্ত জাতীয় সংসদ অধিবেশনে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।
তিনি আরও বলেন, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। তবে সংসদ অধিবেশনে বসার পর এই বিল বা অর্ডিন্যান্স যদি অনুমোদন হয়, তবে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে অন্য রকম হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি।
একই আলাপে তিনি সংরক্ষিত নারী আসন ও স্থগিত হওয়া উপনির্বাচনগুলো নিয়ে কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তিনি জানান, বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে এবং কমিশন সেই সময়ের মধ্যেই তা সম্পন্ন করবে।



















