চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ভারত ও জিম্বাবুয়ের মুখোমুখি লড়াই। ভারতীয় দলের জন্য ম্যাচটি ‘ডু অর ডাই’ অবস্থার সমান। এদিকে চেন্নাইয়ের মাঠে সন্ধ্যার পর থেকে শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে-এমন আশঙ্কা ছিল আগেই।
যা ব্যাটিং সহজ এবং বোলিং কঠিন করে তোলে। এ সমস্যা মোকাবেলায় ম্যাচের আগে বিকল্প ব্যবস্থা নিলো আয়োজক ভারত। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিশেষ এক রাসায়নিক ব্যবহার করা হচ্ছে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের আউটফিল্ডে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড টস ও কন্ডিশনের প্রভাব সীমিত করতে স্টেডিয়ামের আউটফিল্ডে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ‘ডিউ কিউর’ নামের রাসায়নিক স্প্রে করছে। ‘ডিউ কিউর’ মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতেও নিয়মিত ব্যবহার হয়।
এর মূল কার্যকারিতা হলো- স্প্রে করার পর ঘাসে আর্দ্রতা জমে না এবং যদি ঘাস ভেজা হয়, তা দ্রুত শোষিত হয়ে শুকিয়ে যায়।
এর আগে, মঙ্গলবার ও গতকাল দুপুরে আউটফিল্ডে পানি মিশিয়ে স্প্রে করা হয়েছে ‘ডিউ কিউর’।
জানা যায়, বুধবার দীর্ঘ অনুশীলন শেষে ভারতীয় ক্রিকেটাররাও মাঠে থেকে পরিস্থিতি পরীক্ষা করেন। উইকেট ও আউটফিল্ডের অবস্থা নিয়ে তারা সন্তুষ্ট।
আগামীতে সেমিফাইনাল ও ফাইনালেও ‘ডিউ কিউর’ ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আগামী মাসে আইপিএল শুরু হলে সব ভেন্যুতেই এটি বাধ্যতামূলক করার কথা ভাবছে বোর্ড। অতীতে শিশিরের কারণে ম্যাচের ফলাফলে বড় প্রভাব পড়েছে- এই অভিজ্ঞতা থেকেই এমন চিন্তা।


























