বরগুনার আমতলী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানানো ও পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মতিন খানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে আওয়ামী লীগের ব্যানার টানান এবং পতাকা উত্তোলন করেন। এ সময় ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যালয়টি গত ৫ আগস্টের আগে উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে সেখানে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মতিন খান জানান, দলীয় সভাপতি শেখ হাসিনা-র সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর নির্দেশনা অনুযায়ী ভাঙা, দখলকৃত বা পোড়া অবস্থায় থাকা দলীয় কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তার দাবি, এটি দলীয় অবস্থান জানান দেওয়ার অংশ।
আমতলী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি পুলিশ অবগত রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।




















