বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি ব্যবসাও করতেন।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাহবুবনগর এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনেরা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। তবে পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে অভিযোগ করেন, জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তার বাবাকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, জমি–সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন।
























