ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে দুবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সঙ্গে রয়েছে অভিনেত্রীর ছেলে ইউভানও।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে যে হোটেলে ছেলে ইউভানকে নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় উঠেছেন তার আশেপাশে বোমা বিস্ফোরণ হয়েছে। আনন্দবাজার ডট কম-কে এই খবর জানিয়েছেন নায়িকার বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, এই খবর শোনার পর থেকে গঙ্গোপাধ্যায় পরিবার একটু চিন্তিত।
এদিকে কলকাতায় বসে স্বাভাবিকভাবেই চিন্তার প্রহর গুনছেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।
তিনি বলেন, ‘শনিবারই (২৮ ফেব্রুয়ারি) শুভশ্রী আর আমার ছেলে ইউভান দুবাই গেছে। ওরা ফ্লাইট থেকে নামার কিছুক্ষণ পরেই সমস্ত বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ওরা নিরাপদভাবে হোটেলে পৌঁছায়।’

রাজ আরও বলেন, ‘দুবাইয়ের পরিস্থিতি খারাপ হতে শুরু করলে ওখানকার সরকার বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেয়। যতটা সম্ভব নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়। যদিও এখন ওরা নিরাপদেই আছে, তবু বাড়ির লোকজন চিন্তায়। ওরাও ওখান থেকে চিন্তা করছে। আমার ওখানকার বন্ধুবান্ধব, আত্মীয়রা সবাই সবার মতো করে খেয়াল রাখছে। তবে যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ তো একটা চিন্তা থেকেই যায়।’
আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত। পশ্চিম এশিয়ার একাধিক অঞ্চলে ইরানের হামলার জেরে বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
























