১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের চলাচলে ব্যবহৃত যানবাহন বিষয়ে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনায় বলা হয়েছে, একজন প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা ব্যবহার করা যাবে।
প্রতিটি গাড়িতে বৈধ লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থীর নিরাপত্তায় নিয়োজিত গানম্যান থাকলে তাকেও এই পাঁচজনের মধ্যে গণ্য করা হবে।
যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ অনধিক দুজন অবস্থান করতে পারবেন।
নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও নির্বাচনী এজেন্ট প্রত্যেকে নৌযানের চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ইসি জানায়, প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও গানম্যান ছাড়া যানবাহনে অবস্থানকারী অন্যদের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার দেওয়া স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে প্রদর্শন বাধ্যতামূলক।
এ ছাড়া প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ব্যতীত তাদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির ভেতরে প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।


























