আইসিজের রায়ের পরই রোহিঙ্গা শিবিরে পররাষ্ট্রমন্ত্রী
- Update Time : ০৭:০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৩ Time View
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিনই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৌঁছান। ওই সময় আশ্রয়শিবিরের রোহিঙ্গারা তাকে স্বাগত জানান।
এই সফরে তার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি বসার কথা রয়েছে। এ সময় নিজেদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অধিকার এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন তারা।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন খলিলুর রহমান।
এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সুত্র বলছে, এমন এক সময়ে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় গত বৃহস্পতিবার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় করা ওই মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আইসিজে। সেই সঙ্গে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর চালানো যৌন নির্যাতনেরও প্রমাণ পাওয়া গেছে বলে রায় ঘোষণায় জানান আইসিজের বিচারক ইউজি।
এমন প্রেক্ষাপটে রায়ের পরদিনই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা শিবির পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোহিঙ্গাদের কাছে আইসিজের রায় শুধু আইনি স্বীকৃতি বা ন্যায়বিচারের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিজ দেশে ফিরে যাওয়ার দীর্ঘ প্রতীক্ষাও।
তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম করবে।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, ‘বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা চিরদিন ক্যাম্পে থাকতে চাই না।’
আইসিজের রায় তাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের পথকে আরও শক্তিশালী করবে বলেও আশা করেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং বলেন, ‘আমরা খলিলুর রহমানকে রোহিঙ্গা শিবিরে স্বাগত জানাই। তিনি আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। আমরা আশা করি, এবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন।’
রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন এই রোহিঙ্গা নেতা।

























