বাল্যবিয়েতে ধর্মীয় বক্তাদের প্ররোচনা
- Update Time : ০৭:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ০ Time View
যশোরের একটি মসজিদে ২০ বছর বয়সী পাত্রের সঙ্গে ১৪ বছর বয়সী পাত্রীর বিয়ে হয়েছে। বিতর্কিত ধর্মীয় বক্তা আতাউর রহমান বিক্রমপুরী এর প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়ে একে ‘আল্লাহর বিধান’ হিসেবে বর্ণনা করেছেন।
বিক্রমপুরী বহু বছর ধরেই একাধিক বিয়ে ও বাল্যবিয়ের পক্ষে গলা ফাটাচ্ছেন। তার সমর্থকদের উৎসাহ দিতে গর্ব করে বলেছেন, তার প্রথম স্ত্রীর বিয়ের সময় বয়স ছিল ১৩ বছরেরও কম।
আরেক ধর্মীয় বক্তা জুবায়ের আহমেদ তাশরিফেরও গর্ব আছে, ২২ বছর বয়সে তিনি ৮-৯ বছরের একটি শিশুকে বিয়ে করেছিলেন এবং পরে তাকে তালাকও দিয়েছেন।
আতাউর এবং তাশরিফের বক্তব্য চেষ্টা করেও পায়নি টাইমস। তারা ফোন বা হোয়াটসঅ্যাপ-কোথাও কল ধরেননি।
এমনিতে আইন করেও সরকার বাল্যবিয়ে রোধে খুব একটা সাফল্য পাচ্ছে না। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হত ২০ অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৪৭ দশমিক ২ শতাংশ মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে হচ্ছে। ১৩ দশমিক ৪ শতাংশ মেয়ে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের পিড়িতে বসছে।
এর মধ্যে সুপচিত আরও ধর্মীয় বক্তা গত কয়েক বছর ধরেই বাধ্য বিয়ে করতে এবং করাতে উৎসাহ-প্ররোচনা দিয়ে যাচ্ছেন। গত আগস্টে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা’ পরিচয়ে একটি গোষ্ঠী ফেসবুকে ভিডিও পোস্ট করে বাল্যবিয়ে বন্ধে কাজ করা ব্যক্তিদের হুঁশিয়ারিও দিয়েছে।
অথচ বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী নারী এবং ২১ বছরের কম বয়সী পুরুষ বিয়ে করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
আইন অনুযায়ী বাবা-মা, অভিভাবক বা অপ্রাপ্তবয়স্কের ওপর কর্তৃত্ব থাকা ব্যক্তি বাল্যবিয়ের জন্য কোনো কাজ করলে, অনুমতি বা নির্দেশ দিলেও তা অপরাধ। এজন্য ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
কিন্তু যারা প্রকাশ্যে এই আইন লঙ্ঘনে উৎসাহ দিচ্ছেন, একে ধর্মীয় বিধান হিসেবে উপস্থাপন করে আইন অমান্য করতে প্ররোচণাও দিচ্ছেন, তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেই।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন টাইমসের প্রশ্ন শুনে বলেন, ‘আপনার বক্তব্য ঠিক, আমরা একমত যে এই বিষয়গুলোকে আইনানুগভাবে দেখার সুযোগ আছে।’
তিনি আরও বলেন, ‘আইনে স্পষ্টভাবে বয়সের বাধা আছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যমে এগুলো দেখার কথা। আমাদের এখান থেকে সেগুলো দেখার সুযোগ নেই। জেলায় ডিসি ও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই কমিটিগুলোর প্রধান। আমরা তাদেরকে নির্দেশনা দেব।’
পুলিশ নিজে থেকে ব্যবস্থা নেয় না কেন- এই প্রশ্নে বাহিনীটির সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম টাইমসকে বলেন, ‘যে কোনো আইনের সমালোচনা করে বক্তব্য দেওয়া ফৌজদারি অপরাধ নয়। তাই নির্দিষ্ট আইনি ভিত্তির অভাবে ব্যবস্থা নেয়া সম্ভব হয় না।’
তবে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ টাইমসকে বলেন, ‘কেউ আইনটি সঠিক নয় বলে মতপ্রকাশ করতেই পারেন। কিন্তু আইন অমান্য করে বাল্যবিয়ে করলে তার আইনি পরিণতি রয়েছে।’
আরেক আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘আইনটির মূল উদ্দেশ্যই হলো বাল্যবিয়ে প্রতিরোধ করা। তাই বাল্যবিয়ের পক্ষে প্রচারণা চালানোর বিষয়টিকে আইনের মূল উদ্দেশ্য ও সারমর্মের আলোকে বিবেচনা করা প্রয়োজন। কেউ প্রকাশ্যে এই ধরনের উৎসাহ দিলে বা পক্ষে প্রচার চালালে তার বিরুদ্ধে আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা চাওয়ার সুযোগ রয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. শামসুল আলম বলেন, ব্যক্তিগতভাবে কেউ কোনো আইন নিয়ে দ্বিমত পোষণ করতে পারেন। কিন্তু জনসমক্ষে বিপুলসংখ্যক মানুষকে আইন অমান্যে উৎসাহিত করা ভিন্ন বিষয়।
বাংলাদেশ মহিলা পরিষদ, সামাজিক প্রতিরোধ কমিটি ও বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার সংগঠন গার্লস নট ব্রাইডস বাংলাদেশসহ ৭১টি সংগঠনের প্ল্যাটফর্ম বলেছে, বাল্যবিয়েকে বৈধতা দেওয়ার পক্ষে বক্তব্য এবং এ ধরনের বিয়ে প্রতিরোধে কাজ করা ব্যক্তিদের হুমকি মেয়েশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষার উদ্যোগের ওপর সরাসরি আঘাত।
নিজস্ব ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে দেশের প্রচলিত আইন অমান্য করে বাল্যবিয়েকে বৈধ ঘোষণা করতে না পারে, সে জন্য নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনগুলো।
ইউএনএফপিএ’র শঙ্কা
বাল্যবিয়ের পক্ষে প্রচার এমন এক সময়ে জোরালো হচ্ছে, যখন বাংলাদেশে এই প্রথা বন্ধ করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএ। সংস্থাটির ধারণা, বাংলাদেশে যে প্রবণতা তাতে বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ হতে ২০০ বছরেরও বেশি সময় লাগতে পারে।
২০২৫ সালে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণায় দেখা গেছে, দেশের ৯০ শতাংশ মা এবং ৮৬ দশমিক ২ শতাংশ বাবা জানেন, বাল্যবিয়ে তাদের সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু ঝুঁকি সম্পর্কে জানলেও অনেক অভিভাবক এর বিরুদ্ধে কার্যকর অবস্থান নেন না।
ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) জরিপ অনুযায়ী, ৩৯ শতাংশ উত্তরদাতা মেয়েদের নিরাপত্তার অভাবকে বাল্যবিয়ের প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করেছেন। পারিবারিক সম্মান রক্ষার তাগিদ এবং ধর্মীয় বাধ্যবাধকতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন ২৩ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা।
ধর্মীয় বক্তাদের প্রভাব কতটা
সংবাদকর্মী শাহনাজ শারমিন টাইমসকে বলেন, ‘কিছু ধর্মীয় বক্তা ও সামাজিক মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিরা অল্প বয়সে বিয়েকে পাপমুক্ত থাকার উপায় হিসেবে তুলে ধরছেন। এতে রক্ষণশীল পরিবারগুলোর মধ্যে বাল্যবিয়ের পক্ষে নতুন করে সামাজিক ও মানসিক সমর্থন তৈরি হচ্ছে।’
মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘ধর্মীয় বক্তব্যের ভুল ব্যাখ্যার মাধ্যমে অল্প বয়সে বিয়েকে পবিত্র দায়িত্ব ও পরিবারের সম্মান রক্ষার উপায় হিসেবে উপস্থাপন করা হয়। এ ধরনের বক্তব্যে বিয়েকে রোমান্টিকভাবে তুলে ধরা হলে কিশোর-কিশোরীরা এর স্বাস্থ্যগত, শিক্ষাগত ও সামাজিক ক্ষতি সম্পর্কে সচেতন হওয়ার বদলে একে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে। তাতে আইন অমান্য করার প্রবণতা বাড়তে পারে এবং মেয়েরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পরিবর্তে অল্প বয়সে বিয়েকে নিয়তি হিসেবে মেনে নিতে পারে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. শামসুল আলম বলেন, ‘ইসলামে বিয়ের ক্ষেত্রে শারীরিক ও মানসিক পরিপক্কতা গুরুত্বপূর্ণ। শিশুদের শারীরিক ও মানসিক পরিপক্কতা থাকে না। ধর্মীয় ইতিহাসে অল্প বয়সে বিয়ের নজির থাকলেও সেটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করে অন্যদের এমন বিয়েতে উৎসাহিত করা ঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘কিছু বক্তার শিক্ষা, পরিপক্কতা এবং সামগ্রিক বিষয় বোঝার সক্ষমতার ঘাটতি রয়েছে’।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বাল্যবিয়ে নিয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তার ভাষায়, ‘বাল্যবিয়ে শিশুদের শৈশব ও ভবিষ্যৎ কেড়ে নেয়। এটি এমন এক ধরনের সহিংসতা, যার প্রভাব মেয়েদের ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে।’
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, বাল্যবিয়ে শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা। এটি মেয়েদের শিক্ষা ও মর্যাদা কেড়ে নেয় এবং জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

























