Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দর সাম্রাজ্য গড়েও যেভাবে সব হারাল সাইফ পাওয়ারটেক

Reporter Name
  • Update Time : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ১০ Time View

শুরুটা হয়েছিল বিদেশ থেকে আনা মাত্র ১৮ জন ক্রেন অপারেটর দিয়ে। তখন প্রতিষ্ঠানটির নামে না ছিল কোনো ভারী যন্ত্রপাতি, না ছিল বড় কোনো মূলধন বিনিয়োগ। এমনকি জনবল সরবরাহকারী এই প্রতিষ্ঠানটি যে একদিন বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরের একচ্ছত্র নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠবে, তেমন কোনো ইঙ্গিতও ছিল না।

প্রায় দুই দশকের ব্যবধানে তরফদার মোহাম্মদ রুহুল আমিন সাইফ পাওয়ারটেককে বন্দরকেন্দ্রিক এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত করেন। সাফল্যের শীর্ষে থাকাকালে চট্টগ্রাম বন্দরের প্রায় ৭৫ শতাংশ পরিচালন কার্যক্রমই ছিল এই প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে বা প্রভাবের আওতায়।

চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে প্রতিষ্ঠানটির কাজের পরিধি বিস্তৃত হয়েছিল ঢাকা ও পানগাঁওয়ের কনটেইনার হ্যান্ডলিং স্থাপনাগুলোতেও। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতিষ্ঠানটি বার্ষিক ৩০০ কোটি টাকা পর্যন্ত আয় করেছে। আবুধাবিভিত্তিক একটি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আন্তর্জাতিক শিপিং ও লজিস্টিকস খাতে উচ্চাভিলাষী ব্যবসা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল সাইফ পাওয়ারটেক।

সেই বিশাল সাম্রাজ্য এখন অনেকটাই ভেঙে পড়েছে। গত বছরের জুলাই মাসে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) হারানোর পর, সোমবার চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় সাইফ পাওয়ারটেকের সরাসরি সম্পৃক্ততার অবসান ঘটল।

এ ছাড়া, ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) এবং পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালেও (আইসিটি) প্রতিষ্ঠানটির কার্যক্রম শেষ হয়ে গেছে। মোংলা বন্দরে তাদের একটি বড় বিনিয়োগ প্রকল্প স্থবির হয়ে পড়ে আছে, আর আন্তর্জাতিক পর্যায়ের বেশ কয়েকটি ব্যবসায়িক উদ্যোগও আলোর মুখ দেখেনি।

বন্দর সাম্রাজ্য গড়ে তোলার গল্প

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের আমলে আকবর হোসেন যখন নৌপরিবহন মন্ত্রী ছিলেন, তখনই বন্দর ব্যবসায় প্রবেশ করে সাইফ পাওয়ারটেক।

জনবল সরবরাহকারী ব্যবসা হিসেবে যাত্রা শুরু করলেও ২০০৭ সালের দিকে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে চট্টগ্রাম বন্দরের বার্থ ও টার্মিনাল পরিচালনার কাজে যুক্ত হতে থাকে। একপর্যায়ে প্রতিষ্ঠানটি সিসিটি ও এনসিটির পাশাপাশি কমলাপুর ও পানগাঁও স্থাপনাগুলো পরিচালনার চুক্তিও বাগিয়ে নেয়।

সাইফ পাওয়ারটেক এর আগে জানিয়েছিল, শুধু এনসিটি ও সিসিটিতেই তাদের প্রায় ২ হাজার ৫০০ কর্মী নিয়োজিত ছিলেন। তবে বন্দর খাতের সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে প্রতিষ্ঠানটির এই দ্রুত উত্থান এবং বন্দর চুক্তি পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ও প্রশাসনিক যোগসাজশ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ছিল।

সমালোচকদের অভিযোগ, সিসিটি, এনসিটি এবং কমলাপুর আইসিডির দরপত্রের কিছু শর্ত ও সিদ্ধান্ত সাইফ পাওয়ারটেককে তাদের প্রতিযোগীদের তুলনায় বাড়তি সুবিধা দিয়েছিল। যদিও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ওপর নির্ভর করে ব্যবসা পরিচালনার এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে প্রতিষ্ঠানটি।

একের পর এক টার্মিনালের নিয়ন্ত্রণ হারানো

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেক প্রথম বড় ধাক্কা খায় ২০২৫ সালের ৭ জুলাই। সেদিন এনসিটি পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) কাছে হস্তান্তর করা হয়। আর সোমবার সিসিটি পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাধ্যমে বন্দরটিতে টার্মিনাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের উপস্থিতির সমাপ্তি ঘটল।

চট্টগ্রামের বাইরে পানগাঁও আইসিটি পরিচালনার দায়িত্বও হারিয়েছে সাইফ পাওয়ারটেক। বর্তমানে এটি পরিচালনা করছে বৈশ্বিক শিপিং গ্রুপ এমএসসি-এর সহযোগী প্রতিষ্ঠান মেডলগ।

কমলাপুর আইসিডি পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সঙ্গে সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল ২০২৩ সালে। তবে প্রতিষ্ঠানটির দায়ের করা মামলায় আইনি জটিলতার কারণে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া বিলম্বিত হয়। এর ফলে বন্দর কর্তৃপক্ষ নিজেরাই কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ চালিয়ে আসছিল।

পাঁচ বছর মেয়াদে ওই স্থাপনার জন্য নতুন অপারেটর নিয়োগ দিতে সোমবার দরপত্র আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ রেফায়েত হামিম টাইমসকে জানান, আদালতের স্থগিতাদেশ সংক্রান্ত আইনি জটিলতা নিরসন হওয়ার পর দরপত্র প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে। নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত বন্দর কর্তৃপক্ষই স্থাপনাটি পরিচালনা করবে।

ডানা মেলতে না পারা বৈশ্বিক উচ্চাভিলাষ

দেশীয় বন্দর ব্যবসা গড়ে তোলার পাশাপাশি সাইফ পাওয়ারটেক আবুধাবিভিত্তিক এডি পোর্টস গ্রুপের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক শিপিং ও লজিস্টিকস খাতেও ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করেছিল। তাদের পরিকল্পনাগুলো ছিল বেশ উচ্চাভিলাষী। তবে বড় কোনো প্রস্তাবই প্রত্যাশিত ব্যবসায়িক কার্যক্রমে রূপ নেয়নি।

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সাইফ পাওয়ারটেকের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান সাইফ মেরিটাইম এলএলসি এডি পোর্টস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সাফিন ফিডার্সের সঙ্গে ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি অনুযায়ী, দুবাই ও বাংলাদেশের মধ্যে তিনটি ফিডার জাহাজ পরিচালনার পরিকল্পনা ছিল, যেগুলো প্রতি মাসে ১০ হাজার কনটেইনার পরিবহন করবে। এতে কনটেইনারপ্রতি ১৫০ থেকে ২০০ ডলার সাশ্রয় হবে বলে ধারণা করা হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে এই সেবা চালু হওয়ার কথা থাকলেও তা আর কখনোই শুরু হয়নি।

২০২৪ সালের জুনে চট্টগ্রাম, মোংলা ও পানগাঁও বন্দরে কনটেইনার ডিপো ও লজিস্টিকস সুবিধা গড়ে তুলতে এডি পোর্টস গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে সাইফ পাওয়ারটেক।

এর আগে ২০২৪ সালের ১৬ মে বে-টার্মিনাল প্রকল্পে প্রস্তাবিত ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার বিনিয়োগের বিষয়ে চবক এবং এডি পোর্টস গ্রুপের মধ্যে একটি অ-বাধ্যতামূলক (নন-বাইন্ডিং) সমঝোতা স্মারক সই হয়। সেই প্রক্রিয়ায় আবুধাবিভিত্তিক গ্রুপটির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করে সাইফ পাওয়ারটেক।

কিন্তু সেই উদ্যোগও আর এগোয়নি। চবক সূত্রে জানা গেছে, ওই সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেই চুক্তির আওতায় বিনিয়োগের আর কোনো সুযোগ নেই।

নাম প্রকাশ না করার শর্তে সাইফ মেরিটাইমের একজন সাবেক কর্মকর্তা টাইমসকে জানান, দুবাই ও বাংলাদেশের মধ্যকার রুটসহ বিভিন্ন রুটে জাহাজ কেনা ও পরিচালনার যে পরিকল্পনা প্রতিষ্ঠানটির ছিল, তা বাস্তবায়িত হয়নি। এডি পোর্টস গ্রুপের সঙ্গে প্রস্তাবিত অংশীদারত্ব ও বিনিয়োগ উদ্যোগগুলোও প্রত্যাশিত ফল আনতে ব্যর্থ হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটির শক্ত অবস্থান থাকলে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের ধাক্কা সামলানো তাদের জন্য সহজ হতো। তার মতে, বন্দরের মতো একটি কৌশলগত খাতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ওপর অতিরিক্ত নির্ভরতা কখনোই টেকসই হতে পারে না।

ব্যবসায়িক সক্ষমতা নাকি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা?

অবশ্য রাজনৈতিক যোগসাজশে প্রতিষ্ঠানটির সাফল্য আসার অভিযোগ প্রত্যাখ্যান করেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। টার্মিনাল পরিচালনার দায়িত্ব হারানোর বিষয়ে জানতে চাইলে তিনি টাইমসকে বলেন, বন্দরে প্রতিষ্ঠানটি কেন দায়িত্ব হারাচ্ছে তা তার জানা নেই এবং এটি ‘কোনো বিষয় না’।

চুক্তি পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগের জবাবে এর আগে তিনি বলেছিলেন, সাইফ পাওয়ারটেক কোনো রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভরশীল নয়। বরং নিজস্ব সক্ষমতা ও কর্মদক্ষতার জোরেই ব্যবসা পরিচালনা করে।

তিনি বলেন, ‘ব্যবসায়ীরা রাজনীতি করেন না; তারা সবার সঙ্গেই কাজ করেন। আমরা কোনো রাজনৈতিক সুবিধা নিয়ে ব্যবসা করি না। আমাদের নিজস্ব মানদণ্ড ও কাজের দক্ষতাই আমাদের পরিচালন কার্যক্রমকে সংজ্ঞায়িত করে।’

এদিকে, একসময় বার্ষিক ৩০০ কোটি টাকা পর্যন্ত আয় করা পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুনের পর থেকে তাদের ব্যবসায়িক কার্যক্রমের কোনো আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি।

২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর সাইফ পাওয়ারটেকের প্রতিটি শেয়ারের দাম একসময় ১০০ টাকায় পৌঁছেছিল। আর গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিষ্ঠানটির শেয়ার মাত্র ৬ টাকা ৭০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
.design-developed a { text-decoration: none; color: #000000; font-weight: 700;

বন্দর সাম্রাজ্য গড়েও যেভাবে সব হারাল সাইফ পাওয়ারটেক

Update Time : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬