পাইলটের অভাবে সংকটের মুখে বিমান খাত
- Update Time : ০৭:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৩ Time View
আগামী ১০ বছরে দেশের সরকারি-বেসরকারি বিমান বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ৫৬টি উড়োজাহাজ। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৫টি এবং বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১টি উড়োজাহাজ আনবে। এসব নতুন উড়োজাহাজ চালানোর জন্য আগামী দুই বছরের মধ্যে প্রয়োজন হবে অন্তত ৫০০ জন নতুন পাইলট। তবে দেশে যে হারে পাইলট তৈরি হচ্ছে, তাতে এই বিপুল সংখ্যক পাইলট পাওয়া নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। খাত-সংশ্লিষ্টরা বলছেন, আগে থেকে সঠিক প্রস্তুতি না নিলে দেশের বিমান সংস্থাগুলো পাইলট সংকটে পড়বে।
অনুসন্ধানে দেখা গেছে, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখনই পর্যাপ্ত পাইলট নেই। বিমানে ২০৬টি পদের বিপরীতে কাজ করছেন ১৭৯ জন। ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রাখতে বিমানের পরিচালনা পর্ষদ পাইলটের পদের সংখ্যা ২০৬ থেকে বাড়িয়ে ৩৮২টি করেছে। সেই হিসাবে বর্তমানে বিমানে ২১৩ জন পাইলটের পদই খালি। এই ঘাটতি মেটাতে ও নতুন উড়োজাহাজ চালাতে ২০২৮ সালের মধ্যে মোট ২০৩ জন পাইলট নিয়োগের পরিকল্পনা করেছে বিমান।
অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী বছরের মধ্যে ২১টি নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করবে। এসব উড়োজাহাজ চালাতে তাদের লাগবে প্রায় ৩০০ জন পাইলট। এ ছাড়া নভোএয়ার এবং এয়ার অ্যাস্ট্রাও নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে, যেখানেও বহু নতুন পাইলটের প্রয়োজন হবে।
কিন্তু এই বড় চাহিদার বিপরীতে দেশে পাইলট তৈরির সুযোগ খুবই সীমিত। বর্তমানে চালু থাকা প্রশিক্ষণ কেন্দ্র ‘গ্যালাক্সি’ থেকে বছরে মাত্র ১০ জনের মতো পাইলট বের হন। ‘এনএক্সটি এয়ার একাডেমি’ নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু হলেও এখনো সেখান থেকে কোনো ব্যাচ পাস করেনি; আগামী বছরের জানুয়ারিতে তাদের প্রথম ব্যাচ বের হবে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দেশের প্রায় ৭৮ বছরের পুরোনো ও সবচেয়ে বড় প্রশিক্ষণ কেন্দ্র ‘বাংলাদেশ ফ্লাইং একাডেমি’ চলতি বছরের ২৬ জুন বন্ধ হয়ে গেছে। বিমানের অধিকাংশ অভিজ্ঞ পাইলট এই একাডেমি থেকেই প্রশিক্ষণ নিয়েছিলেন। এ ছাড়া এক সময়ের পরিচিত ‘আরিরাং ফ্লাইং একাডেমি’ গত দুই বছর ধরে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি করেনি। ফলে দেশীয় একাডেমিগুলো চাহিদার অর্ধেক পাইলটও দিতে পারছে না।
দেশে পাইলট সংকট কতটা তীব্র, সাম্প্রতিক একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে তার প্রমাণ মেলে। একটি বেসরকারি এয়ারলাইন্স ১০ জন পাইলট নিতে বিজ্ঞপ্তি দিয়ে শেষ পর্যন্ত মাত্র ছয়জনকে নিয়োগ দিতে পেরেছে।
এ বিষয়ে বিমানের এক পাইলট নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখনই পাইলটের এত টানাপোড়েন, সামনে যখন এক সাথে অনেক পাইলট লাগবে তখন পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যাবে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বিমান ৪৮ জন নতুন পাইলট নিয়োগ দিলেও এখনো ২০০টির বেশি পদ খালি পড়ে আছে। বিশেষ করে দূরপাল্লার বোয়িং ড্রিমলাইনার ও বোয়িং ৭৭৭ উড়োজাহাজে পাইলট সংকট সবচেয়ে বেশি। বিমানের ছয়টি ড্রিমলাইনার চালাতে ৮৪ জন পাইলট দরকার হলেও আছেন মাত্র ৬৫ জন। আর ৪টি বোয়িং ৭৭৭ চালাতে ৫৬ জনের জায়গায় কাজ করছেন ৪৪ জন।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের আরেক পাইলট জানান, নতুন নিয়োগ পাওয়া পাইলটদের বেশিরভাগই ছোট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ চালাবেন। কিন্তু বোয়িং ড্রিমলাইনার ও ৭৭৭-এর মতো বড় বিমানে লোকবল কম থাকায় বর্তমান পাইলটদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। নিয়ম অনুযায়ী একজন পাইলট মাসে সর্বোচ্চ ৭৫ ঘণ্টা উড়োজাহাজ চালাতে পারেন, কিন্তু বিমানে তা প্রায়ই ১০০ ঘণ্টা ছাড়িয়ে যায়। বিশেষ করে হজের সময় পাইলটদের বিশ্রামের হিসাব ঠিক রাখা সম্ভব হয় না।
বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ফ্লাইং একাডেমি আবার চালু করতে চেষ্টা চালাচ্ছে বিমানের সাবেক পাইলট ক্যাপ্টেন আবদুল্লাহর নেতৃত্বে গঠিত একটি কমিটি। ক্যাপ্টেন আবদুল্লাহ বলেন, বিশ্বজুড়েই এখন অভিজ্ঞ পাইলটের সংকট চলছে, কারণ বয়সের কারণে জ্যেষ্ঠ পাইলটরা অবসরে যাচ্ছেন। নিয়ম অনুযায়ী যাত্রীবাহী বিমানে পাইলটরা ৬৫ বছর পর্যন্ত কাজ করতে পারেন। অভিজ্ঞতা রাতারাতি অর্জন করা যায় না, তাই এখন থেকেই পাইলট তৈরির উদ্যোগ নিতে হবে। এমনকি যুক্তরাষ্ট্রে পাইলটদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার চেষ্টা চলছে।
তিনি মনে করেন, দেশের ফ্লাইং একাডেমিগুলোকে আরও বড় ও আধুনিক করতে হবে যাতে বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারে।
একই সুর এনএক্সটি এয়ার একাডেমির প্রধান প্রশিক্ষক ক্যাপ্টেন মোহাম্মদ রাজীবের কণ্ঠেও। তিনি বলেন, দেশে যেভাবে পাইলটের চাহিদা বাড়ছে, সে অনুযায়ী পাইলট তৈরি হচ্ছে না। এই পরিস্থিতি সামাল দিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সরকারকে দ্রুত এগিয়ে আসতে হবে।
তবে এই সংকটের মধ্যেও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, তারা নিজস্ব খরচে ২০০ জন নতুন পাইলট তৈরি করছেন। এই শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রশিক্ষণে পাঠানো হয়েছে। প্রশিক্ষণ ও লাইসেন্স শেষে তারা সরাসরি ইউএস-বাংলা এয়ারলাইন্সে যোগ দেবেন।
পুরো বিষয়টি নিয়ে বিমান চলাচল বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, সঠিক পরিকল্পনার অভাবেই আজ এই সংকট তৈরি হয়েছে। নতুন ৫৬টি উড়োজাহাজ আসবে, এটা আগেই জানা ছিল। তবে এসব উড়োজাহাজ চালানোর পাইলট কোথা থেকে আসবে, তার পরিকল্পনা আগে থেকে না করায় এখন এই বড় ঝুঁকি তৈরি হয়েছে।
কোন উড়োজাহাজে কত পাইলট নেবে বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ক্যাডেট পাইলট ছাড়াও বিভিন্ন উড়োজাহাজ চালানোর জন্য নতুন করে পাইলট নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বোয়িং ড্রিমলাইনারের ক্যাপ্টেন পদে ২৮ জনের জায়গায় ৮৪ জন এবং ফার্স্ট অফিসার পদে ২৪ জনের জায়গায় ২৮ জন নেওয়া হবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের ক্যাপ্টেন পদে ২৮ জনের জায়গায় ৩৮ জন এবং ফার্স্ট অফিসার পদে ২৪ জনের জায়গায় ৩৮ জন নিয়োগ পাবেন।
এ ছাড়া বোয়িং ৭৩৭ বিমানে ক্যাপ্টেন পদে ৩১ জনের জায়গায় ৪২ জন ও ফার্স্ট অফিসার পদে ৩২ জনের জায়গায় ৪২ জন এবং ড্যাশ ৮ বিমানে ক্যাপ্টেন পদে ১৫ জনের জায়গায় ২২ জন ও ফার্স্ট অফিসার পদে ২৪ জনের জায়গায় ৪৮ জন পাইলট নিয়োগ দেওয়া হবে।

























