সবসময় ঝগড়া করায় ২ স্ত্রীকে হত্যা করলেন ২ ভাই
- Update Time : ০৪:১৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১ Time View
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলায় নিজ নিজ স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের দাবি, তাদের দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিবাদে ক্ষুব্ধ হয়ে ওই হত্যার ঘটনা ঘটিয়েছেন তারা।
গুমলার পুলিশ সুপার হারিস বিন জামার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর সাহু ও তার ভাই নবীন সাহু সোমবার তাদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারীকে (২০) হত্যা করেন। পরে নিজেরাই অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন।
পুলিশ জানিয়েছে, দুই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়ায় বিরক্ত ছিলেন দুই ভাই। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের দুই দিন আগেই নিজেদের মধ্যকার বিবাদ মিটিয়ে নিয়েছিলেন ওই দুই নারী।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে হারিস বিন জামা বলেন, ‘মঙ্গলবার প্রথমে দুই ভাই পুলিশকে জানান, তাদের স্ত্রীরা কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।’
জিজ্ঞাসাবাদের পর মরদেহ দুটির সন্ধান পাওয়া যায়। পরে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
হারিস আরও জানান, সোমবার সকাল ৯টার দিকে নিহত নারীদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে শেষবারের মতো কথা বলেছিলেন। সে সময় তাদের কাছে সবকিছু স্বাভাবিকই মনে হয়েছিল।
হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও মরদেহ বহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের বাবা সমেশ্বর সাহু ও মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করা হয়েছে।

























