হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন
- Update Time : ১০:১৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ২ Time View
হরমুজ প্রণালির পূর্বদিকে নিষিদ্ধ এলাকায় মাইনে আঘাত লেগে তেলবাহী একটি জাহাজে আগুন ধরেছে। বুধবারের এ ঘটনায় জাহাজটি চলাচলের অক্ষম হয়ে পড়ে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী।
আধা-সরকারি সংবাদ সংস্থা মেহরের বরাতে দেওয়া এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, সতর্কবার্তা পাওয়ার পরও জাহাজটি শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। পরে নৌমাইনে আঘাত লাগলে জাহাজটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে সেটি চলাচল বন্ধ করে দেয়।
তবে জাহাজটির নাম, ক্রুদের অবস্থা, হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানায়নি নৌবাহিনী।
বিশ্বের জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলাচলে বিঘ্নের মধ্যে এ ঘটনা ঘটল।
এর আগে বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানায়, ‘অননুমোদিত পথে’ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টার সময় দুটি তেলবাহী জাহাজে মাইনের আঘাত লাগে। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।
হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তেহরান বেশ কয়েকটি শর্ত দিয়ে আসছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ, নতুন করে হামলা না হওয়ার নিরাপত্তার নিশ্চয়তা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও দেশটির বন্দরগুলোতে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করে। জবাবে ইরান ইসরায়েল ও আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালায়।
জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন আটকে যায়।

























