বিরোধী দলনেতা ছাড়াই পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন!
- Update Time : ০৭:১৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৮ Time View
নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। বিরোধী দলনেতা ছাড়াই শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর আপাতত বিরোধী দলনেতার পদটি শূন্য থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বিধানসভার স্পিকারকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
আগামী ৪ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা। অধিবেশন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ফলে নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দলনেতা নির্বাচন না হলে গুরুত্বপূর্ণ এই অধিবেশন পদটি শূন্য রেখেই শুরু হতে পারে। যদি এমন হয়, তবে তা হবে এক নজিরবিহীন ঘটনা।
এ পরিস্থিতিতে স্পিকারের সামনে দুটি পথ রয়েছে। প্রথমত, আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিজেই বিরোধী দলনেতার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারেন। দ্বিতীয়ত, আস্থা ভোটের মাধ্যমে বিরোধী দলনেতা নির্ধারণ করতে পারেন। সে ক্ষেত্রে আগামী ৪ ডিসেম্বর অধিবেশন শুরুর পরপরই আস্থা ভোটের আয়োজন করতে হবে। সেখানে যিনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তিনিই হবেন স্থায়ী বিরোধী দলনেতা।
বিরোধী দলনেতা ছাড়া বিধানসভা অধিবেশনের নজির নেই সাম্প্রতিক অতীতে। কিন্তু তা কি এড়ানো সম্ভব? কোন পথে তা হতে পারে?
বিধানসভার নিয়মকানুন অনুযায়ী, এমন জটিল পরিস্থিতি তৈরি হলে সাধারণত আস্থা ভোটের মাধ্যমে সমাধান করা হয়। ২০২৬ এর ভোটের পর পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে ‘নাটকীয়’ পরিস্থিতি তৈরি হয়েছিল। মমতার তৃণমূলের একাংশ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়। অন্যদিকে, ‘বিদ্রোহী’ শিবির ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেন।
দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে স্পিকার নিজেই সিদ্ধান্ত নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার দায়িত্ব দেন। তবে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শোভনদেব চট্টোপাধ্যায় আদালতের দ্বারস্থ হন। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত বিরোধী দলনেতার পদটি শূন্য হয়ে যায়। আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে ফের ঠিক করতে হবে কে হবেন বিরোধী দলনেতা।
পূর্বে এমন সংকট লোকসভায় তৈরি হলেও যেহেতু কংগ্রেস একক বৃহত্তম বিরোধী দল ছিল, তাই তাকে আস্থা ভোটের মুখে পড়তে হয়নি। কিন্তু রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই মমতা তৃণমূল অথবা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। তাই আসন্ন অধিবেশনে আস্থা ভোট হতে পারে।

























