আইসিজের রায়ে হতাশ মিয়ানমার, রোহিঙ্গাদের ফের ‘বাঙালি’ আখ্যা
- Update Time : ০১:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৭ Time View
গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ে হতাশা প্রকাশ করেছে মিয়ানমার সরকার। রায়ের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোহিঙ্গাদের আবারও ‘বাঙালি’ বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে মিয়ানমার জানায়, এই রায় তারা ভালোভাবে খতিয়ে দেখার পর নিজেদের পরবর্তী করণীয় ঠিক করবে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে এই মামলা করেছিল গাম্বিয়া। গত ১৯ নভেম্বর রায় দেয় আইসিজে।
মিয়ানমারের যুক্তি, রায়টি সর্বসম্মত ছিল না। এ প্রসঙ্গে তারা আদালতের ভাইস-প্রেসিডেন্টসহ ছয়জন বিচারকের ভিন্নমতের কথা তুলে ধরে। মিয়ানমার সরকারের দাবি, গণহত্যার মতো বিষয়টি প্রমাণ করার ক্ষেত্রে আদালত যে মাত্রার সাক্ষ্য-প্রমাণ নির্ধারণ করেছে, তা তাদের পুরোনো ও প্রতিষ্ঠিত মানদণ্ডের সাথে মেলে না।
বিবৃতিতে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিবেদনেরও সমালোচনা করেছে মিয়ানমার। দেশটির বক্তব্য অনুযায়ী, গণহত্যার মতো গুরুতর মামলার বিচারে গ্রহণযোগ্য প্রমাণ সংগ্রহের মতো পর্যাপ্ত দক্ষতা, সামর্থ্য বা এখতিয়ার এসব সংস্থার নেই।
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইন রাজ্যে চালানো সেনা অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরে মিয়ানমার বলেছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে কেবল সন্ত্রাস দমনেই ওই অভিযান চালানো হয়েছিল। গণহত্যার কোনো উদ্দেশ্য সেখানে ছিল না।
এই বিবৃতিতে মিয়ানমার সরকার বরাবরের মতোই রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করেছে। রোহিঙ্গারা নিজেরা এই শব্দটি মানেন না এবং মানবাধিকার সংগঠনগুলোও এর বিরোধিতা করে আসছে। মিয়ানমারের দাবি, আরসার ভয়ভীতি দেখানো, হামলা, ধ্বংসযজ্ঞ, হত্যা ও সন্ত্রাসী কাজের কারণেই ‘স্থানীয় বাসিন্দা ও বাঙালিরা’ ঘরছাড়া হয়েছেন। দেশটি রোহিঙ্গাদের নিজেদের জাতিগোষ্ঠী হিসেবে মেনে নিতে নারাজ; বরং অনেক দিন ধরেই তাদের বাঙালি বংশোদ্ভূত অভিবাসী হিসেবে দেখিয়ে আসছে তারা।
মিয়ানমার আরও অভিযোগ করে, মংডু, বুথিডং ও রাথিডংয়ের পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আরসা ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা বাহিনীকে উসকে দিয়ে বাইরের দেশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। এমনকি বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোর ভেতরেও আরসা এখনো সক্রিয় রয়েছে বলে দাবি করেছে দেশটি।
মিয়ানমার সরকারের ভাষায়, আদালতের রায়ে মাঠের আসল চিত্র উঠে আসেনি। তবে প্রত্যাবাসন প্রসঙ্গে মিয়ানমার জানিয়েছে, পরিবেশ অনুকূলে এলে উত্তর রাখাইনে বাস্তুচ্যুতদের জন্য মানবিক সহায়তা ও পুনর্বাসনের কাজ চলবে। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া ব্যক্তিদের যাচাই-বাছাই ও ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াও অব্যাহত থাকবে।
বিবৃতিতে উত্তর রাখাইনের সংকটকে একটি জটিল অভ্যন্তরীণ বিষয় হিসেবে তুলে ধরা হয়। সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা নেওয়ার পাশাপাশি মিয়ানমারের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান দেখাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

























