ঢাকায় আগুন নেভানোর সময় ইট পড়ে ২ ফায়ার ফাইটার আহত
- Update Time : ০৭:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ২ Time View
ঢাকার ইসলামবাগ বেড়িবাঁধে একটি কারখানায় লাগা আগুন নেভানোর সময় স্লাব ও দেয়ালের ইট খসে পড়ে দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন, ফায়ার ফাইটার জয় রায় (২৫) ও আনোয়ারুল ইসলাম (২৬)। সোমবার সন্ধ্যায় আহতের এই ঘটনা ঘটে।
লালবাগ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার এনামুল হক জানান, ওই দুইজন লালবাগ স্টেশনের। ইসলামবাগ বেড়িবাঁধে সেমিপাকা টিনসেড কয়েকতলা বিশিষ্ট বাড়িতে আগুন লাগে। যার নিচ তলায় কারখানা রয়েছে। সেই খবর পেয়ে কয়েকটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন নির্বাপণের পর ডাম্পিং এর কাজ করার সময় সেখানকার স্লাব ও দেয়ালের ইট খসে পড়ে। এতে ওই দুই ফায়ার ফাইটারের মাথা ও শরীরের ওপর পড়লে তারা আহত হন।
ঘটনার পরপরই তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, দুইজনই মাথাসহ শরীরে আঘাত পেয়েছে। জয় রায়ের মাথা কিছুটা কেটেও গেছে। তাদেরকে সিটি স্ক্যান ও এক্স-রেসহ পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে।
























