অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ মিরপুর বিভাগ, ট্রাফিকে সেরা গুলশান
- Update Time : ০৭:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩ Time View
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
রোববার সকাল সাড়ে ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) এবং অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অক্টোবরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম উপস্থাপন করেন।
অক্টোবর মাসে ডিএমপির অপরাধ বিভাগগুলোর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। মূল্যায়নে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় স্থানে রয়েছে তুরাগ থানা এবং তৃতীয় স্থানে কামরাঙ্গীরচর থানা।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন প্রথম এবং শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এহসানুল হক দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সায়দাবাদ ফাঁড়ির এসআই মো. রাকিব হোসেন এবং তৃতীয় স্থানে সবুজবাগ থানার এসআই মো. জহুরুল ইসলাম। সহকারী উপপরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. নাদের আলী, দ্বিতীয় মিরপুর থানার এএসআই এসএম সানোয়ার হোসেন এবং তৃতীয় হাজারীবাগ থানার এএসআই গোলাম রব্বানী।
গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুল করিম।
অন্যদিকে, ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক গুলশান বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন বাড্ডা ট্রাফিক জোনের সার্জেন্ট নয়ন কারন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন পল্লবী ট্রাফিক জোনের মো. আশিকুর রহমান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট) আবদুল কুদ্দুস চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























