পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- Update Time : ০৭:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১ Time View
পুলিশ প্রশাসনে ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি পদে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) পদে বদলি করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে পুলিশের আরও আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এতে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) এ এইচ এম শাহাদাত হোসাইনকে একই প্রতিষ্ঠানের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।
বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার করা হয়েছে। একই শাখার বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌ পুলিশের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
দুই প্রজ্ঞাপনেই বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

























