ইউক্রেন যুদ্ধে ৭ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত, প্রতি চার মিনিটে একজন
- Update Time : ০৪:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১ Time View
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৭ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। অর্থাৎ, যুদ্ধের গত চার বছরে গড়ে প্রতি চার মিনিটে একজন করে রুশ সেনার মৃত্যু হয়েছে। ফাঁস হওয়া সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে রাশিয়ায় নিষিদ্ধ দুটি সংবাদমাধ্যম মিডিয়াজোনা ও মেদুজা।
সোমবার প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরের শেষ নাগাদ রাশিয়ার পরিসংখ্যান ব্যুরো রসস্ট্যাটের নথিতে ৪ লাখ ৯০ হাজার রুশ সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে বিলম্ব এবং নিখোঁজ সেনাদের হিসাব যুক্ত করলে প্রকৃত প্রাণহানির সংখ্যা ৭ লাখ ২০ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রাণহানির এই সংখ্যা ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ এবং ১৯৯০ ও ২০০০-এর দশকের শুরুর দিকের দুই চেচেন যুদ্ধে রাশিয়ার সম্মিলিত মৃত্যুকেও ছাড়িয়ে গেছে।
যুদ্ধের প্রাণহানির প্রকৃত চিত্র আড়াল রাখতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে ক্রেমলিন। এর অংশ হিসেবে ২০২৫ সালে রসস্ট্যাট জনসংখ্যাবিষয়ক পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দেয়। তবে চলতি মাসের শুরুতে ইউক্রেনপন্থী হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস অব বেলারুশ’ ও ‘সাইলেন্ট ক্রো’ রসস্ট্যাটের সার্ভারে প্রবেশ করে তথ্য হাতিয়ে নেয়। পরে সেসব তথ্য বিশ্লেষণ করে মিডিয়াজোনা ও মেদুজা। যদিও ফাঁস হওয়া এই পরিসংখ্যানের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর তারিখ ও মৃত্যুনিবন্ধনের তারিখের মধ্যকার ব্যবধান এবং নিখোঁজ সেনাদের স্বজনদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে আরও প্রায় ২ লাখ ৩০ হাজার অপ্রকাশিত মৃত্যুর হিসাব পাওয়া গেছে। এ ছাড়া ২০২৩ সাল থেকে মিডিয়াজোনা নিখোঁজ সেনাদের যে তালিকা সংরক্ষণ করছে, তাতে প্রায় ১ লাখ ৬০ হাজার সেনার নাম রয়েছে। সংবাদমাধ্যমটির ধারণা, নিখোঁজ এই সেনাদের মধ্যে মাত্র ১০ শতাংশের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।
ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, রাশিয়ায় হৃদ্রোগ, কোভিড-১৯ এবং স্ট্রোকসহ রক্তনালির বিভিন্ন রোগের পর মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধ। অঞ্চলভেদে হতাহতের এই চিত্রেও ভিন্নতা রয়েছে। দেশটির দরিদ্র অঞ্চল এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে প্রাণহানির হার তুলনামূলক বেশি।
এদিকে ‘নেস্ট সেন্টার’-এর এক বিশ্লেষণে ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই করতে গিয়ে নিহত ৬ হাজার ৯৪৭ জন বিদেশি নাগরিকের তথ্য পাওয়া গেছে। তাদের অধিকাংশই কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমিনিস্তানের নাগরিক।
যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে রাশিয়ার জনমিতিতেও। বিপুলসংখ্যক সেনার মৃত্যুতে দেশটিতে পুরুষদের গড় আয়ু কমে ২০২৫ সালে ৬৫ দশমিক ৩ বছরে দাঁড়িয়েছে, যা ২০১৯ সালের তুলনায় ৩ দশমিক ১ বছর কম। এ হার মহামারির সবচেয়ে বিপর্যয়কর বছর ২০২১ সালের কাছাকাছি। বিপরীতে যুদ্ধ চলাকালে দেশটিতে নারীদের গড় আয়ু বেড়ে রেকর্ড ৭৯ দশমিক ৩ বছরে পৌঁছেছে। নেস্ট সেন্টারের জনমিতিবিদ আবি শুকিউরভের মতে, যুদ্ধের এই জনমিতিক বাস্তবতা আড়াল করতে রুশ কর্তৃপক্ষ সমন্বিতভাবে নানা উদ্যোগ নিয়েছে।
আলেক্সেই নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের তদন্ত বিভাগের প্রধান মারিয়া পেভচিখ মনে করেন, এসব তথ্য প্রকাশের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে কেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে সমঝোতায় যেতে চাইবেন না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, নিজ দেশের ৭ লাখ নাগরিককে হত্যার পর পুতিনের পক্ষে জনজীবন থেকে সরে দাঁড়ানো বা সাধারণ নাগরিক সেবায় মনোযোগ দেওয়া কখনোই সম্ভব নয়, এমন কিছুর পর অবসরে যাওয়া যায় না।
কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের জ্যেষ্ঠ ফেলো আলেক্সান্ডার বাউনভের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেন সংঘাতই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ। তিনি বলেন, ‘আমরা পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে অনেক কথা বলি। তবে মানুষের প্রাণহানির হিসাবে আমরা হয়তো ইতোমধ্যে সীমিত পরিসরের পারমাণবিক যুদ্ধের মাত্রার কাছাকাছি পৌঁছে গেছি।’ তার ধারণা, রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে এ যুদ্ধে নিহতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
অন্যদিকে, ইউক্রেনও আনুষ্ঠানিকভাবে তাদের সেনা হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করে না। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) গত জুলাইয়ের এক গবেষণায় বলা হয়, যুদ্ধে ইউক্রেনের সামরিক হতাহতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার থেকে ৬ লাখ ২৫ হাজারের মধ্যে। এর মধ্যে নিহতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার।

























