জীবাশ্ম জ্বালানি বাদ পড়ায় ভেস্তে গেল কপ৩১ চুক্তি
- Update Time : ০৭:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩ Time View
অতিরিক্ত ৪৪ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)। রোববার তুরস্কের আনতালিয়ায় এই সম্মেলনের সমাপনী অধিবেশনে ঐকমত্যে পৌঁছাতে না পেরে বিশৃঙ্খলার মধ্য দিয়ে কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়।
খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির সরাসরি উল্লেখ না থাকায় আপত্তি তোলে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) কয়েকটি দেশ। ইইউ প্রেসিডেন্সির দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী দারা ও’ব্রায়েন বলেন, জীবাশ্ম জ্বালানিই জলবায়ু পরিবর্তনের মূল কারণ, অথচ খসড়ায় তা অনুপস্থিত। সম্মেলন কক্ষের বাইরে এএফপিকে তিনি বলেন, ‘তেল উৎপাদনকারী কয়েকটি রাষ্ট্র সম্মেলনটি ছিনতাই (নিয়ন্ত্রণে নেওয়া অর্থে) করেছে।’
সম্মেলনে অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ‘সমাপনী সিদ্ধান্ত’ আনার উদ্যোগ নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু চূড়ান্ত খসড়ায় কয়লা, তেল ও গ্যাস নিয়ে কোনো অবস্থান রাখা হয়নি। সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলো চুক্তিতে জীবাশ্ম জ্বালানি শব্দটি রাখার বিপক্ষে ছিল।
ভিন্ন অবস্থানের জেরে সমাপনী অধিবেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মার্শাল দ্বীপপুঞ্জের জলবায়ুবিষয়ক দূত ক্যাথি জেটনিল-কিজিনার প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘জীবাশ্ম জ্বালানির স্বার্থ রক্ষায় আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আপস করব না। আমাদের নিরাপত্তা ক্ষুণ্ন করে এবং ভবিষ্যৎকে হুমকিতে ফেলে, এমন সিদ্ধান্ত মানব না।’
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মতির ভিত্তিতে। প্রায় ২০০ অংশগ্রহণকারী দেশের মধ্যে একটি দেশও বিরোধিতা করলে প্রস্তাব আটকে যায়। ইইউ ছাড়াও পানামা, ভানুয়াতু ও বেলিজ খসড়া চুক্তির বিরোধিতা করে। কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম সমাপনী পর্বে জানান, ঐকমত্য না হওয়ায় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
‘দূষণের অনুমতিপত্র’
সর্বশেষ খসড়ায় ২০২৩ সালের জলবায়ু চুক্তির উল্লেখ রাখা হলেও তাতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি সরাসরি আসেনি। এর বদলে ‘কার্বন ক্যাপচার’ প্রযুক্তি বাড়ানোর প্রস্তাব যুক্ত করা হয়েছে, যা জীবাশ্ম জ্বালানি খাতের পছন্দের। তবে এই প্রযুক্তির উচ্চ ব্যয় ও কার্যকারিতা নিয়ে সমালোচনা রয়েছে।
বৃহত্তর আরব গোষ্ঠীর পক্ষে সৌদি জলবায়ু আলোচক মোহাম্মদ আইয়ুব বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় সব ধরনের বিকল্প খোলা রাখা দরকার, যাতে দেশগুলো নিজ নিজ বাস্তবতা অনুযায়ী পথ বেছে নিতে পারে।
অন্যদিকে পরিবেশবাদী গোষ্ঠী ‘৩৫০ ডট অর্গের’ সারা শ খসড়াটিকে জলবায়ু পরিকল্পনা মানতে নারাজ। তার মতে, এটি কার্যত দূষণ চালিয়ে যাওয়ার একটি অনুমতিপত্র।

























