প্রতি ঘণ্টায় ৫ নারী ও মেয়েশিশু আপনজনের হাতে খুন: জাতিসংঘ
- Update Time : ০৭:১৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ২ Time View
বিশ্বজুড়ে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে ২০২৫ সালে প্রায় ৪৭ হাজার নারী ও মেয়েশিশু খুন হয়েছেন। সেই হিসাবে গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন নারী ও মেয়েশিশু আপনজনের হাতে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’-এর পৃথক এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বে প্রতি তিনজন নারীর মধ্যে প্রায় একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। তবে ভুক্তভোগীদের মধ্যে মাত্র ৭ শতাংশ পুলিশের কাছে অভিযোগ করেন।
জাতিসংঘ বলছে, দুটি প্রতিবেদনের তথ্য একত্রে বিশ্লেষণ করলে সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে থাকা সহিংসতার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। এসব ঘটনার বেশিরভাগই আড়ালে থেকে যায় এবং অপরাধীদের শাস্তি হয় কালেভদ্রে। এর ফলে সুরক্ষার জন্য তৈরি বিচার ও আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর থেকে নারীদের আস্থা ক্রমেই কমছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস সামনে রেখে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ইউএন উইমেন যৌথভাবে ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, গত বছর বিশ্বে ইচ্ছাকৃতভাবে হত্যা করা ৭৮ হাজার নারী ও মেয়েশিশুর ৬০ শতাংশই নিজ সঙ্গী বা আত্মীয়স্বজনের হাতে খুন হয়েছেন।
সহিংসতা থেকে বেঁচে ফেরা অনেক নারীর কাছে নিপীড়নের বিরুদ্ধে মুখ খোলার অর্থ দাঁড়ায়–নিজের আশ্রয়, সন্তান, আর্থিক নিরাপত্তা এমনকি জীবনকেও চরম ঝুঁকিতে ফেলা।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুম্বনজভান্ডা বলেন, বিদ্যমান বিচার ব্যবস্থায় চুপ থাকাটাই সবচেয়ে নিরাপদ মনে হওয়ায় সহিংসতার শিকার নারীদের সহায়তা চাওয়ার প্রবণতা কমে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে যেসব দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তার বেশিরভাগ ক্ষেত্রেই এই নীরবতা আরও গভীর হচ্ছে। আগের তুলনায় বর্তমানে সহায়তা চাওয়া নারীর সংখ্যা কমে গেছে। আমরা আসলে পেছনের দিকে হাঁটছি।’
ভুক্তভোগীরা কোনো শারীরিক প্রমাণ দেখাতে না পারলেও কিংবা নির্যাতনের প্রতিটি খুঁটিনাটি বিবরণ মনে করতে না পারলেও তাদের কথা বিশ্বাস করার জন্য সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান গুম্বনজভান্ডা। তার ভাষায়, ‘কাউকে বিশ্বাস করতে কোনো অর্থ ব্যয় হয় না। অথচ নির্যাতনের শিকার একজন মানুষকে বিশ্বাস করা প্রতিবারই পরিস্থিতি বদলে দিতে পারে।’
৫৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে ইউএন উইমেন ‘অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন সারভাইভরস অব ভায়োলেন্স’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছে। এতে উঠে এসেছে, বিশ্বজুড়ে ৮৪ কোটি নারী ও মেয়েশিশু জীবদ্দশায় কোনো না কোনো সময় শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হন।
প্রতিবেদন অনুযায়ী, নির্যাতনের শিকার নারীদের মাত্র ২৩ শতাংশ আইনি বা প্রাতিষ্ঠানিক সহায়তা নেন। আর পুলিশের কাছে নথিভুক্ত হওয়া মামলাগুলোর ৬৩ থেকে ৯৭ শতাংশ ক্ষেত্রেই শেষ পর্যন্ত অপরাধীদের কোনো সাজা হয় না।
ইউএন উইমেনের নারী নির্যাতন প্রতিরোধ বিভাগের প্রধান ক্যালিওপি মিংগিরউ বলেন, ‘নির্যাতনের শিকার নারীদের বারবার নানা জেরা ও ভয়ভীতির মুখে পড়তে হয়। অন্যদিকে, ক্ষমতাশালী অপরাধীদের বেশিরভাগ সময়ই কোনো শাস্তি হয় না।’
আঞ্চলিক পরিসংখ্যানে দেখা যায়, এশিয়ায় নির্যাতনের শিকার নারীদের মাত্র ১৬ শতাংশ সহায়তা চান। আফ্রিকায় এই হার ৩১ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৪০ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে মাত্র ১৪ শতাংশ ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করেন।
অনলাইনে হয়রানির চিত্রও উদ্বেগজনক। ইউএন উইমেনের এক জরিপে অংশ নেওয়া জনজীবনে সক্রিয় বা বিভিন্ন পেশায় যুক্ত ৭০ শতাংশ নারী অনলাইনে নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে উপনির্বাহী পরিচালক গুম্বনজভান্ডা সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ‘ডিপফেক’ ছবি নারীদের নিরাপত্তার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
ঘনিষ্ঠ সঙ্গী ও স্বজনদের হাতে নারী হত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায়–যেখানে প্রতি এক লাখ নারীর মধ্যে ২ দশমিক ৯ জন এভাবে প্রাণ হারান। এরপর রয়েছে আমেরিকা অঞ্চল (১ দশমিক ৪), ওশেনিয়া (১ দশমিক ১), এশিয়া (০ দশমিক ৬) এবং ইউরোপ (০ দশমিক ৫)।
বিশ্বে সার্বিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীহত্যার হার কমছে অনেক ধীরগতিতে। পরিসংখ্যান বলছে, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকা অঞ্চলে নারীহত্যার চেয়ে সাধারণ হত্যাকাণ্ডের হার প্রায় দ্বিগুণ গতিতে কমেছে। আর ইউরোপে এই হার কমেছে দেড় গুণ দ্রুতগতিতে।
ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, ‘ভীতিকর মনোভাব, প্রচলিত সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা সমাজে এমন এক পরিবেশ তৈরি করছে, যেখানে স্ত্রী, মেয়ে, মা কিংবা বোনকে হত্যা করার মতো অপরাধও “সহনীয়” হয়ে উঠছে।’

























